জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :5 October 2026, 7:41 AM | নিউজটি পড়া হয়েছে : 2 বার
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বৈরী আবহাওয়ার কারণে সরবরাহ কমে যাওয়ার অজুহাতে দিনাজপুরের হিলি স্থলবন্দর সংলগ্ন বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় নিম্নআয়ের শ্রমজীবী ও দিনমজুর মানুষ।

হিলি বাজারের বর্তমান চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, মাত্র এক সপ্তাহ আগে যে পেঁয়াজ খুচরা বাজারে কেজিপ্রতি ৩৫ টাকায় বিক্রি হতো, তা বর্তমানে মানভেদে ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে তুলনামূলক নিম্নমানের পেঁয়াজ বিকোচ্ছে ৪০ টাকায় এবং অপেক্ষাকৃত ভালো মানের পেঁয়াজ হাতবদল হচ্ছে ৪৫ টাকায়।

পর্যাপ্ত মজুদ থাকলেও সরবরাহ কম থাকার দোহাই দিয়ে সব দোকানেই বাড়তি দামে বিক্রি করা হচ্ছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি।

বাজারে আসা সাধারণ ক্রেতারা জানান, হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় তারা কেনাকাটার পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন।

ক্রেতা রুহুল আমিনের মতে, এ অঞ্চলের সিংহভাগ মানুষই দিনমজুর ও সাধারণ শ্রমজীবী। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় সাধারণ সংসারের বাজেটে টান পড়েছে।

আরেক ক্রেতা আব্দুল মজিদ আক্ষেপ করে বলেন, “আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, কোনো সঞ্চয় নেই। এভাবে প্রতিটি নিত্যপণ্যের দাম বাড়লে আমাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে।”

খুচরা ব্যবসায়ীরা এই দাম বাড়ার পেছনে পাইকারি বাজারের সরবরাহ ঘাটতি এবং প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করছেন।

হিলি বাজারের ব্যবসায়ী রেজাউল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে এলাকা জুড়ে বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে কৃষকরা হাটে পেঁয়াজ তুলতে পারছেন না। একই সঙ্গে জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচও কিছুটা বৃদ্ধি পেয়েছে। ফলে পাইকারি বাজারেই তাদের বেশি দামে কিনতে হচ্ছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে।

তবে সরবরাহ স্বাভাবিক হলে দাম আবার কমে আসবে বলে আশ্বাস দেন তারা।

বাজারের এই অস্থিরতা নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন জানান, অসাধু উপায়ে কৃত্রিম সংকট তৈরি করে কেউ যেন দাম বাড়াতে না পারে, সে লক্ষ্যে বাজারে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালিত হচ্ছে।

ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের ক্যাশমেমো পরীক্ষা করা হচ্ছে এবং নির্ধারিত দামের চেয়ে বেশি রাখলে আইনি ব্যবস্থা ও জরিমানা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন