নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :15 October 2026, 5:08 AM | নিউজটি পড়া হয়েছে : 2 বার
নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক

নেত্রকোনার পূর্বধলায় ৮০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা দায়ের করেছেন।

ইতোমধ্যে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম দৌলত আলী (৬৫)। তিনি পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী বৃদ্ধার বাড়িও একই ইউনিয়নে।

ঘটনার পর সামাজিক সম্মানহানির আশঙ্কায় বৃদ্ধার পরিবার প্রথমে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তির কাছে বিচার চায়। পরে তাদের পরামর্শে ভুক্তভোগীর ৪৬ বছর বয়সী ছেলে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন।

অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত দৌলত আলী গা ঢাকা দিয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ই অক্টোবর দুপুর ২টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দৌলত আলী বেশ কিছুদিন ধরে ওই বৃদ্ধার বসতঘরের আশপাশে ঘোরাফেরা করতেন এবং তাকে কুপ্রস্তাব দিতেন।

ঘটনার দিন দুপুরে বৃদ্ধা ঘরে একা শুয়ে ছিলেন। এ সময় দৌলত আলী কৌশলে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ঘটনার সময় এক প্রতিবেশী ওই বৃদ্ধার সঙ্গে দেখা করতে এসে সন্দেহবশত ঘরে প্রবেশ করেন। সেখানে দৌলত আলীকে আপত্তিকর অবস্থায় দেখে তিনি চিৎকার শুরু করেন। এ সময় দৌলত আলী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ভুক্তভোগীর ছেলের ভাষ্য, ঘটনার পর পারিবারিক ও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল। তবে কোনো সমাধান না হওয়ায় পরিবারের সদস্যদের পরামর্শে তিনি থানায় গিয়ে মামলা দায়ের করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন গতকাল সন্ধ্যায় বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরও পড়ুন