ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক
আবারও বাংলাদেশের দ্রুততম মানব-মানবী হলেন ইমরানুর ও শিরিন আক্তার। শুক্রবার (২৩ অক্টোবর) সামার অ্যাথলেটিক্সের প্রথম দিনে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছেন তারা।
তবে প্রথম দিনেই ১০০ মিটার স্প্রিন্টের ফল নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। নারীদের ১০০ মিটারে ফটোফিনিশিংয়ে দেখা গেছে ১০.৭৫ সেকেন্ড সময়। অথচ ডিজিটাল বোর্ডে প্রথম হওয়া শিরিন আক্তারের সময় দেখানো হয়েছে ১২.৮ সেকেন্ড।
১৮তম বারের মতো দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার
ছেলেদের ১০০ মিটারেও ফটোফিনিশ যন্ত্র কাজ করেনি। তার ওপর ডিজিটাল বোর্ডে প্রথমে দেখানো ফল প্রায় সাত মিনিট পর বদলে যায়।
বিতর্কের দিনেও নারীদের ১০০ মিটারে প্রথম হয়ে দেশের দ্রুততম মানবীর খেতাব ধরে রেখেছেন শিরিন আক্তার। এ নিয়ে ১৮ বার এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। নারীদের ১০০ মিটারে দ্বিতীয় হয়েছেন শরিফা খাতুন, তার সময় ১২.২৩ সেকেন্ড। তৃতীয় হওয়া সুমাইয়া দেওয়ানের সময় ১২.৩৩ সেকেন্ড।
ইমরানুর ১০০ মিটারে চ্যাম্পিয়ন হয়েছেন ১০.৫৩ সেকেন্ড সময় নিয়ে
ছেলেদের ১০০ মিটারেও ফল প্রকাশের সময় একই ধরনের বিভ্রান্তি দেখা যায়। শুরুতে ডিজিটাল বোর্ডে প্রথম হওয়া ইমরানুর রহমানের সময় দেখানো হয় ১০.৬৭ সেকেন্ড। দ্বিতীয় হিসেবে দেখানো হয় মোহাম্মদ ইসমাইলকে, তৃতীয় ইসলামকে।
কিন্তু প্রায় সাত মিনিট পর বোর্ডে বদলে যায় ফল। ইমরানুরের সময় কমে দাঁড়ায় ১০.৫৩ সেকেন্ডে। দ্বিতীয় স্থান অপরিবর্তিত থাকলেও তৃতীয় থেকে চতুর্থ স্থানে নেমে যান ইসলাম। তার জায়গায় তৃতীয় হিসেবে দেখানো হয় তারেক রহমানের নাম।
চূড়ান্ত ফল অনুযায়ী, ছেলেদের ১০০ মিটারে ১০.৫৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন ইমরানুর। দ্বিতীয় হওয়া ইসমাইলের সময় ১০.৬৭ সেকেন্ড, আর তৃতীয় তারেক রহমান দৌড় শেষ করেছেন ১০.৭৩ সেকেন্ডে।























