আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :8 November 2026, 6:48 AM | নিউজটি পড়া হয়েছে : 34 বার
আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক

সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক তাদের মূল অ্যাপ থেকে আলাদা করে ‘টিকটক শপ’ নামে একটি স্বতন্ত্র অ্যাপ উন্মোচন করেছে। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় অপারেটিং সিস্টেমের গ্রাহকদের জন্যই নতুন এই অ্যাপটি চালু করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম পরামর্শক ম্যাট নাভারা প্রথম এই পরিবর্তনের বিষয়টি লক্ষ করেন।

বিজ্ঞাপন

বর্তমানে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপিন্সসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে অ্যাপটির সুবিধা পাওয়া যাচ্ছে। গ্রাহকদের কাছে টিকটকের মাধ্যমে পণ্য কেনাকাটা জনপ্রিয় হওয়ায় এটিকে আলাদা অ্যাপ আকারে বড় করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। নতুন এই অ্যাপটিকে টিকটকের শপিং সুবিধার একটি পরিমার্জিত ও সহজ সংস্করণ হিসেবে দেখা হচ্ছে।

অ্যাপটিতে ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী ব্যক্তিগতকৃত পণ্যের সুপারিশ করা হবে। এছাড়া গ্রাহকরা সরাসরি লাইভস্ট্রিম ও ছোট ভিডিওর মাধ্যমে কেনাকাটা করতে পারবেন। গ্রাহকদের আকৃষ্ট করতে বিনামূল্যে পণ্য পৌঁছে দেওয়ার বিশেষ অফার এবং নিরাপদ চেকআউটের জন্য সুরক্ষিত পেমেন্ট ব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এই পদক্ষেপের মাধ্যমে টিকটক অন্যান্য জনপ্রিয় ই-কমার্স অ্যাপের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামার ইঙ্গিত দিচ্ছে। তবে বিশ্বের অন্যান্য অঞ্চলে বা যুক্তরাষ্ট্রে অ্যাপটি কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে টিকটক এখনো নির্দিষ্ট করে কিছু বলেনি। এনগ্যাজেটের মন্তব্যের অনুরোধে এ বিষয়ে কোনো সাড়া দেয়নি টিকটক।

এদিকে, মার্কিন বাজারে টিকটকের নিজস্ব প্ল্যাটফর্মটিতে প্রতিনিয়ত নতুন ফিচার যোগ করা হচ্ছে। সম্প্রতি প্ল্যাটফর্মটি যেকোনো পোস্টে সরাসরি ভয়েস কমেন্ট বা অডিও মন্তব্যের সুবিধা চালু করেছে। পাশাপাশি, অ্যাপটির ভেতরে সরাসরি ফ্লাইট ও হোটেলসহ ট্রাভেল বুকিং সেবা গ্রহণের সুবিধাও যোগ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরও পড়ুন