শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশা জানিয়ে রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে নৌকা মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ ৮ই নভেম্বর, রোববার সকালে দেশের মুক্তিসংগ্রামের নেতৃত্বদানকারী আওয়ামী লীগের এই ভ্রাতৃপ্রতিম সংগঠনটির জবি শাখার সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে এ নৌকা মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলের আয়োজন প্রসঙ্গে আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ডিসেম্বর মাসে স্বদেশ প্রত্যাবর্তনের বার্তা জানাতে আমরা এ নৌকা মিছিলের আয়োজন করেছি। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাস আমাদের স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকারের গুরুত্ব।’
তিনি বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে যে আলোচনা রয়েছে, তা বাস্তবায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দৃঢ়প্রতিজ্ঞ। শেখ হাসিনা ২০২৬ সালের ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছার কথা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন।
আশিক-ই-আতাহার মেসবাহ আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি, বঙ্গবন্ধুকন্যা যা বলেন, তা করে দেখান। বাংলাদেশের কোটি কোটি মানুষ আজ তার অপেক্ষায় রয়েছে।’
বিজয়ের মাসের প্রত্যাশা তুলে ধরে তিনি বলেন, ডিসেম্বর বিজয়ের চেতনার মাস। এ মাসে দেশে শান্তি, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা তাদের।
‘ইতিহাসের শিক্ষা হোক বিভেদ নয়, সহাবস্থান; প্রতিহিংসা নয়, ন্যায়বিচার; সংঘাত নয়, শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান’—যোগ করেন এই ছাত্রলীগ নেতা।























