মুনাফা কমায় লভ্যাংশ কমল যমুনা অয়েলের

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :10 November 2026, 6:01 AM | নিউজটি পড়া হয়েছে : 8 বার
মুনাফা কমায় লভ্যাংশ কমল যমুনা অয়েলের

সরকারি তেল কোম্পানি যমুনা অয়েলের মুনাফায় বড় ধরনের ধস নেমেছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এক বছরের ব্যবধানে মুনাফা প্রায় ২২৩ কোটি টাকা বা ৩৪ শতাংশের বেশি কমেছে। ২০২৫-২৬ অর্থবছর শেষে যমুনা অয়েলের মুনাফা দাঁড়িয়েছে ৪২৫ কোটি টাকা, যেখানে ২০২৪-২৫ অর্থবছরে এই মুনাফার পরিমাণ ছিল প্রায় ৬৪৮ কোটি টাকা।

বিজ্ঞাপন

গত রোববার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। সোমবার স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়েছে যে, গত অর্থবছরের জন্য শেয়ারধারীদের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। এর ফলে শেয়ারধারীরা প্রতি শেয়ারের বিপরীতে ১২ টাকা করে পাবেন এবং ঘোষিত লভ্যাংশ বাবদ মোট ১৩২ কোটি ৫০ লাখ টাকা বিতরণ করা হবে। গত বছর কোম্পানিটি ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল, অর্থাৎ এ বছর লভ্যাংশ ৬০ শতাংশ কমেছে।

আর্থিক প্রতিবেদনের তথ্যমতে, মুনাফা কমার পাশাপাশি নগদ অর্থের সংকটেও পড়েছে কোম্পানিটি। গত অর্থবছর শেষে যমুনা অয়েলের শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে। তবে নগদ প্রবাহ নেতিবাচক হলেও কোম্পানির সম্পদমূল্য আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। গত অর্থবছর শেষে শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়ে হয়েছে ২৯৪ টাকা ৫৬ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ২৭৪ টাকা।

মুনাফা ও লভ্যাংশ কমে যাওয়ার প্রভাবে সোমবার শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যমুনা অয়েলের প্রতিটি শেয়ারের দাম সাড়ে ৯ টাকা বা সোয়া ৫ শতাংশের বেশি কমে ১৬৯ টাকায় দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন