৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরাতে ২৭০০ কোটি টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :10 November 2026, 6:03 AM | নিউজটি পড়া হয়েছে : 7 বার
৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরাতে ২৭০০ কোটি টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক

আমানতকারীদের অর্থ ফেরতের লক্ষ্যে সংকটে থাকা ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের জন্য সরকারের কাছে ২ হাজার ৭০৭ কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ২৭ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই অর্থ চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

যেসব প্রতিষ্ঠানের আমানতকারীদের টাকা ফেরত দিতে এই অর্থ চাওয়া হয়েছে, সেগুলো হলো ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) ও প্রিমিয়ার লিজিং। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই উদ্যোগের আওতায় প্রতিষ্ঠানগুলোর ১০ লাখ টাকা পর্যন্ত আমানতের শতভাগ অর্থ ফেরত দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্সের গ্রাহকদের টাকা ফেরত দিতে জরুরি ভিত্তিতে প্রায় দেড় হাজার কোটি টাকা প্রয়োজন। বাকি পাঁচটি প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন প্রায় ১ হাজার ২৫৭ কোটি টাকা। এর মধ্যে রেজোল্যুশন প্রক্রিয়ায় থাকা চার প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের জন্য ১ হাজার ১৬৭ কোটি টাকা, প্রভিডেন্ট ফান্ড ও কর্মচারী কল্যাণ তহবিলের জন্য ১৯০ কোটি টাকা, ট্রাস্ট ফান্ডের জন্য ৪২ কোটি এবং সমবায় তহবিলের জন্য ৫০ কোটি টাকা লাগবে।

প্রতিষ্ঠানভিত্তিক হিসেবে আভিভা ফাইন্যান্সের জন্য ৭৪৫ কোটি, ইন্টারন্যাশনাল লিজিংয়ের জন্য ৫৫০ কোটি, এফএএস ফাইন্যান্সের জন্য ৮৫ কোটি এবং ফারইস্ট ফাইন্যান্সের জন্য ৬৯ কোটি টাকা চাওয়া হয়েছে। এছাড়া রেজোল্যুশনের বাইরে থাকা পিপলস লিজিংয়ের জন্য ৭১২ কোটি, প্রাইম ফাইন্যান্সের জন্য ৩৭৭ কোটি, জিএসপি ফাইন্যান্সের জন্য ৫৯ কোটি, প্রিমিয়ার লিজিংয়ের জন্য ৫৮ কোটি এবং বিআইএফসির জন্য ৫২ কোটি টাকা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। তবে পিপলস লিজিংয়ের অবসায়ন-সংক্রান্ত মামলা চলমান থাকায় এখনই প্রতিষ্ঠানটির জন্য অর্থ বরাদ্দ চাওয়া হচ্ছে না।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, পিপলস লিজিংয়ের অবসায়ন মামলা চলমান রয়েছে। ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্সকে রেজোল্যুশনের আওতায় এনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বিআইএফসি ও প্রিমিয়ার লিজিংকে ব্যবসায়িক সক্ষমতা প্রমাণের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি, বিনিয়োগকারীদের দুর্দশা ও করণীয় সরকারকে জানিয়েছে। সরকার এখন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’ অর্থ মন্ত্রণালয় এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন