সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :10 November 2026, 6:56 PM | নিউজটি পড়া হয়েছে : 1 বার
সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা

শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যয়, ডিসেম্বরেই বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণা এবং নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের আবেদন করার খবর ঘিরে দেশ-বিদেশের গণমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও রাজনৈতিক অবস্থান নিয়ে গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর জনপরিসরে  রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এমন পরিস্থিতিতে এবার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তেমনি দলটির কার্যক্রমের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ। বিষয়টি গণমাধ্যমের মনে রাখা উচিত।

 

প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত সরকারি গেজেটে বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। গেজেট অনুযায়ী, দলটির যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ ও সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ।

 

তিনি বলেন, যারা বর্তমানে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের এ ধরনের কর্মকাণ্ড নতুন নয়। আওয়ামী লীগের রাজনীতি ধ্বংসের রাজনীতি বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি দলটির বিরুদ্ধে আগুন-সন্ত্রাস, গুম ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন।

 

তবে প্রতিমন্ত্রীর এই বক্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ, শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা এবং পাসপোর্টের আবেদনসংক্রান্ত খবর প্রকাশের পর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাঁর বক্তব্য গণমাধ্যমে প্রকাশ ও প্রচারের ওপর সরকারি বিধিনিষেধের বিষয়টিও আবার সামনে এসেছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের ৫ ডিসেম্বর শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তবে সরকারের বক্তব্যে এখন আওয়ামী লীগের সামগ্রিক রাজনৈতিক কর্মকাণ্ডের প্রচার-প্রচারণাকেও নিষিদ্ধের আওতায় রাখার বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

 

শেখ হাসিনার বক্তব্যের রাজনৈতিক জবাব দেওয়ার পরিবর্তে গণমাধ্যমে তাঁর বক্তব্য ও আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রচার বন্ধের ওপর সরকারের এই গুরুত্বারোপ সংবাদমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক বহুমত এবং জনগণের তথ্য জানার অধিকার নিয়ে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরও পড়ুন