জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :10 November 2026, 7:09 PM | নিউজটি পড়া হয়েছে : 4 বার
জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস

দেশের অন্যতম অটোমোবাইল ও কৃষিযন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান এসিআই মোটরস এখন থেকে চীনের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা গ্রেট ওয়াল মোটরের (জিডব্লিউএম) অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করবে। সম্প্রতি চীনের বাওডিংয়ে অবস্থিত জিডব্লিউএমের বৈশ্বিক সদর দপ্তরে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এসিআই মোটরসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

চুক্তি অনুযায়ী, বাংলাদেশের বাজারে জিডব্লিউএমের সব ধরনের যাত্রীবাহী গাড়ি বাজারজাত করবে এসিআই মোটরস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুব্রত রঞ্জন দাস এবং গ্রেট ওয়াল মোটরের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ডি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ দৌলা, এসিআই মোটরসের বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল রুমি, গ্রেট ওয়াল মোটরের গ্রুপ সিইও মি. মু ও কান্ট্রি ম্যানেজার তাভি চিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই অংশীদারত্বের ফলে বাংলাদেশের গ্রাহকরা এখন জিডব্লিউএমের হাভাল, টাঙ্ক, অরা, উয়ে ও পোয়ের ব্র্যান্ডের গাড়ি কেনার সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক এসইউভি, বৈদ্যুতিক গাড়ি (ইভি), প্লাগ-ইন হাইব্রিড (পিএইচইভি) এবং প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি। এসিআই মোটরস জানায়, উন্নত প্রযুক্তি, নিরাপত্তা ও পরিবেশবান্ধব গাড়ি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন