খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
রাজধানীর খিলক্ষেতে ১২ বছর বয়সী বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. ইমামুল হোসেন বাপ্পী (৩১), যিনি স্থানীয় ছাত্রদলের একটি কমিটির সাবেক নেতা বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার শিশুটির বাবা বাদী হয়ে খিলক্ষেত থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।
বিজ্ঞাপন
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে খিলক্ষেতের একটি ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। ওই বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকেন শিশুটির বাবা। অভিযুক্ত বাপ্পী ওই বাসাতেই পাশের কক্ষের ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
অভিযোগে বলা হয়, ঘটনার সময় শিশুটির মা-বাবা বাসায় ছিলেন না। সেই সুযোগ কাজে লাগিয়ে বাপ্পী চকলেট ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেন। মা বাসায় ফিরে মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পান এবং ঘটনার কথা শুনে শিশুটিকে নিয়ে চিকিৎসকের কাছে যান। চিকিৎসকের পরামর্শে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) শনিবার সন্ধ্যায় জানান, অভিযুক্ত বাপ্পীকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁর অবস্থান শনাক্তে পুলিশ কাজ করছে।























