ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুজন কারাগারে, একজন শিশু উন্নয়ন কেন্দ্রে

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :23 November 2026, 6:06 AM | নিউজটি পড়া হয়েছে : 1 বার
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুজন কারাগারে, একজন শিশু উন্নয়ন কেন্দ্রে

ঢাকা কলেজ ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলার অপর এক আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আপেল মাহমুদ (২০) ও রায়হান আহমেদ নাহিকে (১৯) কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর দিকে, ঢাকার শিশু আদালত-২–এর বিচারক সিরাজাম মুনীরা অপ্রাপ্তবয়স্ক আসামিকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠানোর আদেশ প্রদান করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জানান, নিউমার্কেট থানার এসআই মুহাম্মদ সারওয়ার জাহান মেহেদী আসামিদের আদালতে হাজির করে তাদের আটক রাখার আবেদন জানান। শুনানির সময় আসামিপক্ষ থেকে কোনো জামিন আবেদন করা হয়নি।

মামলার এজাহার অনুযায়ী, শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা কলেজের বিজয়-২৪ হল ও নর্থ হলের মাঝামাঝি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা তিনজনকে আটক করে মারধর করেন এবং পরে তাদের প্রশাসনিক ভবনের সামনে নিয়ে যান। খবর পেয়ে নিউমার্কেট থানা-পুলিশ তাদের হেফাজতে নেয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়।

এ ঘটনায় ঢাকা কলেজের প্রধান সহকারী মো. আবু জায়েদ বাদী হয়ে নিউমার্কেট থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন