দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :24 November 2026, 7:28 PM | নিউজটি পড়া হয়েছে : 1 বার
দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ

দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলীয় আকাশসীমার বাইরে অবস্থিত আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (এডিআইজেড) মঙ্গলবার একাধিক রুশ সামরিক বিমান প্রবেশ করে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিকভাবে দক্ষিণ কোরিয়া তাদের যুদ্ধবিমান মোতায়েন করে। তবে রুশ বিমানগুলো কিছুক্ষণ পরই ওই এলাকা ত্যাগ করে চলে যায়।

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের দপ্তর এক বিবৃতিতে জানায়, রুশ বিমানগুলো উপকূলের দিকে আসার সময় থেকেই তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমানগুলো আকাশে ‘কৌশলগত তৎপরতা’ চালায়। তবে বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, রুশ সামরিক বিমানগুলো দক্ষিণ কোরিয়ার মূল আকাশসীমা লঙ্ঘন করেনি।

ঘটনার সময় নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয় পূর্ব উপকূলীয় উল্লুং দ্বীপের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার সতর্কতা জারি করেছিল। একটি রুশ বিমান আকাশসীমায় ঢুকে পড়েছে—এমন তথ্যের ভিত্তিতে দেওয়া এই সতর্কতা তিন মিনিট পরই তুলে নেওয়া হয়। এছাড়া বার্তা সংস্থা ইয়োনহাপের তথ্যানুযায়ী, উত্তর কোরিয়ার যুদ্ধবিমান আসতে পারে বলে স্থানীয় প্রশাসন উল্লুং দ্বীপে কিছুক্ষণের জন্য একটি ভুল সতর্কবার্তাও জারি করেছিল।

সামরিক পরিভাষায় এডিআইজেড হলো কোনো দেশের মূল আকাশসীমার বাইরের নির্দিষ্ট আন্তর্জাতিক আকাশসীমার অংশ। বাইরের কোনো উড়োজাহাজ যেন মূল আকাশসীমায় প্রবেশ করতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট দেশগুলো বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে এই শনাক্তকরণ অঞ্চল তৈরি করে থাকে।

সংবাদটি শেয়ার করুন