আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :15 November 2026, 6:02 AM | নিউজটি পড়া হয়েছে : 0 বার
আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ

দেশ বাঁচাতে ও মানুষ বাঁচাতে ঘোষিত ৮ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিনে গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী,  ১৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশ ও বিদেশে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। আগামী ডিসেম্বরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপটেও এসব কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

আট দফা দাবির মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল, সাজানো রায় ও মিথ্যা মামলা প্রত্যাহার, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সব রাজবন্দির মুক্তি। এ ছাড়া নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, বন্ধ শিল্পকারখানা চালু, নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করার দাবিও রয়েছে।

শনিবারের কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য উৎপল সাহা, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান, কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা রুবেল মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা হোসাইন মাসুম এবং ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা নাদিম ও শাওনসহ অন্যান্য নেতাকর্মী।

কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে আট দফা দাবিসংবলিত লিফলেট বিতরণ করেন। পাশাপাশি দেয়াল লিখন, প্রচার-প্রচারণা ও গণসংযোগের মাধ্যমে দলীয় দাবিগুলো মানুষের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচি প্রসঙ্গে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য উৎপল সাহা বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষের মৌলিক অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও জীবিকার প্রশ্নগুলো সামনে নিয়ে আসা জরুরি। আওয়ামী লীগ ঘোষিত আট দফা গণদাবি মূলত দেশের মানুষের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে কেন্দ্র করেই প্রণয়ন করা হয়েছে। এসব দাবি মানুষের কাছে পৌঁছে দিতে এবং জনসম্পৃক্ততা বাড়াতেই দেশব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, সাধারণ মানুষ এসব দাবি সম্পর্কে জানুক এবং নিজেদের অধিকার ও ভবিষ্যৎ নিয়ে কথা বলুক। ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে দেশ-বিদেশে অবস্থানরত নেতাকর্মীদেরও সাংগঠনিকভাবে সম্পৃক্ত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।’

দলীয় ঘোষণায় বলা হয়েছে, ১৪ নভেম্বর শনিবার থেকে শুরু হওয়া কর্মসূচির প্রথম দিনে সারা দেশে আট দফা দাবিনামা সংবলিত লিফলেট বিতরণ, দেয়াল লিখন, প্রচার-প্রচারণা ও ব্যাপক গণসংযোগ পরিচালনা করা হবে। ১৯ নভেম্বর পর্যন্ত দেশ ও বিদেশে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এসব দাবি তুলে ধরবেন দলটির নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন