চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :15 October 2026, 8:17 PM | নিউজটি পড়া হয়েছে : 6 বার
চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টানার অপরাধে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। এর ফলে আগামী বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো মিস করবেন এই ফরোয়ার্ড। তবে চ্যাম্পিয়ন্স লিগের রোমা ম্যাচের মাত্র দুই ঘণ্টা আগে এই শাস্তির খবর প্রকাশ করায় স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেছেন রিয়াল কোচ হোসে মরিনহো।

শনিবার লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন ভিনিসিউস। বুধবার স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ তার এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি প্রকাশ করে। ফলে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ছয় পয়েন্টে পিছিয়ে থাকা রিয়ালের জন্য এই গুরুত্বপূর্ণ সময়ে ভিনিসিউসকে না পাওয়া বড় ধাক্কা হয়ে এলো।

বুধবার রাতে রোমার বিপক্ষে ৪-৩ ব্যবধানের রোমাঞ্চকর জয়ের পর সংবাদ সম্মেলনে এই নিষেধাজ্ঞার টাইমিং নিয়ে ক্ষোভ উগরে দেন মরিনহো।

পর্তুগিজ এই কোচ বলেন, ‘একটি স্প্যানিশ ক্লাবের আন্তর্জাতিক ম্যাচের মাত্র দুই ঘণ্টা আগে একজন ফুটবলারকে চার ম্যাচের নিষেধাজ্ঞার কথা জানানো হবে—এটা কোনো স্বাভাবিক বিষয় হতে পারে না। সিদ্ধান্তটি কি এখনই দেওয়া জরুরি ছিল? তারা কি এটা কাল সকালে দিতে পারত না? একদম লজ্জাহীনভাবে এসব করা হচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘একটি স্প্যানিশ দল যখন স্পেনের ফুটবলের মান ও র‍্যাংকিংয়ের জন্য লড়াই করতে মাঠে নামছে, ঠিক তখনই ম্যাচের দুই ঘণ্টা আগে ফুটবলারের ওপর এভাবে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা শ্রদ্ধাবোধের অভাব নির্দেশ করে। রিয়াল মাদ্রিদের সমর্থকরা বোকা নন এবং মানুষের চোখ খুলে দিতে আমি সবকিছু করব।’

শুধু টাইমিং নয়, স্প্যানিশ ফুটবলের ম্যাচ সূচি নিয়েও নিজের অসন্তোষের কথা স্পষ্ট করেন রিয়াল বস। বিশেষ করে আগামী ৪ নভেম্বর এথেন্সে চ্যাম্পিয়ন্স লিগ খেলে ফেরার পরপরই ৭ নভেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলার সূচি রাখা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

মরিনহো বলেন, ‘বুধবার রাতে এথেন্সে খেলে ভোর পাঁচটায় মাদ্রিদে ফিরে আবার শনিবারে খেলা—এর কোনো অর্থ হয় না। সম্প্রচারকারী প্রতিষ্ঠানের অজুহাত এখন আর মেনে নেওয়ার মতো নয়। এগুলো অনিচ্ছাকৃত ভুল বলে মনে হয় না।’

মাঠের বাইরের এই বিতর্কের মাঝেও রোমার বিপক্ষে শেষ সময়ের নাটকীয় জয় নিয়ে স্বস্তি প্রকাশ করেন রিয়াল কোচ। বদলি ফুটবলারদের পারফর্ম্যান্স প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বলব না যে ৩-১ থেকে ৪-৩ করার পুরো ছক আগে থেকেই আমার মাথায় ছিল। তবে আমার বিশ্বাস ছিল, শেষ ২০ মিনিটে নামানো বদলি ফুটবলাররাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারবে এবং তারা সেটাই করে দেখিয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরও পড়ুন