জার্মানির নানা শহরে ব্যাপক ‘জেন জি’ বিক্ষোভ

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :1 November 2026, 7:07 AM | নিউজটি পড়া হয়েছে : 3 বার
জার্মানির নানা শহরে ব্যাপক ‘জেন জি’ বিক্ষোভ

জার্মানির ৩৪টি শহরে কয়েক হাজার জেন-জি তরুণ-তরুণী বিক্ষোভে অংশ নিয়েছেন৷

বিক্ষোভকারীরা স্কুলগুলোতে অধিক অর্থায়ন, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে পদক্ষেপ, বৃহত্তর সামাজিক ন্যায়বিচার এবং জলবায়ু সুরক্ষায় জোরালো ব্যবস্থার দাবি জানিয়েছেন। পাশাপাশি, তারা সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ ব্যবস্থা আবার চালু করার প্রস্তাবের বিরোধিতা করেছেন।

বিক্ষোভের আগে কর্তৃপক্ষ সতর্ক করেছিল, চরমপন্থি গোষ্ঠীগুলো এই বিক্ষোভের মধ্যে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। তবে পরবর্তীতে পুলিশ জানিয়েছে, অনেক শহরেই বিক্ষোভের শুরুটা ছিল মূলত শান্তিপূর্ণ।

কোলন শহরে অংশগ্রহণকারীদের মুখ ঢাকা থাকা এবং আতশবাজি ব্যবহারের কারণে পুলিশ পূর্বনির্ধারিত পদযাত্রাটি বাতিল করে দেয়। তবে রাইন নদীর তীরে সমাবেশটি অব্যাহত থাকে।

স্টুটগার্টে অংশগ্রহণকারীদের মুখ ঢাকা থাকা, আতশবাজি ব্যবহার করা এবং নির্ধারিত পথ থেকে সরে যাওয়ার কারণে পুলিশ বারবার পদযাত্রাটি থামিয়ে দেয়।

গণমাধ্যমের বিরুদ্ধে মনোযোগ সরিয়ে দেয়ার অভিযোগ

বিক্ষোভের আয়োজকেরা গণমাধ্যমের বিরুদ্ধে সহিংসতার আতঙ্ক ছড়ানোর এবং তাদের মূল দাবিগুলো থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন।

আন্দোলনের মুখপাত্র ভেরোনিকা ডিনটার জার্মান সম্প্রচারমাধ্যম ডয়েচলান্ডফুংক-কে বলেছেন, “আমাদের মূল দাবিগুলো থেকে মনোযোগ সরানোর জন্য একটি ‘সহিংসতার বয়ান’ ব্যবহার করা হচ্ছে।”

তিনি জোর দিয়ে বলেন যে, জেন-জি রেগেল্ট- (জেন-জি দায়িত্ব নিচ্ছে) শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছে। তিনি তাদের প্রকাশিত নীতিমালার দিকে ইঙ্গিত করে বলেন, যারা এই নীতিমালার সঙ্গে একমত, তাদের সবাইকে স্বাগত জানানো হয়েছে।

বিক্ষোভের আয়োজকদের সাংগঠনিক কাঠানো নিয়ে অস্পষ্টতার উদ্বেগের কথা জানিয়ে জার্মানির জাতীয় স্কুল শিক্ষার্থী প্রতিনিধি সংস্থা এই আন্দোলন থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে৷ এই সিদ্ধান্তের বিষয়েও দুঃখ প্রকাশ করেন ডিনটার।

অনলাইনে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ এতে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদিও বাস্তবে কতজন উপস্থিত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়।

সংবাদটি শেয়ার করুন