টাইগার শ্রফের গাড়িতে গুলি, অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার আরও ৪

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :21 October 2026, 5:34 AM | নিউজটি পড়া হয়েছে : 0 বার
টাইগার শ্রফের গাড়িতে গুলি, অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার আরও ৪

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় অস্ত্র সরবরাহের অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিল্লি ও হরিয়ানা থেকে তাদের আটক করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। পরে আদালতের অনুমতি নিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে মুম্বাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতার ব্যক্তিরা হলেন কুনাল (২১), সুমিত (১৯), রাধা (২৩) ও বাবিতা (২৩)। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আদালত তাদের জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই পুলিশের তিন দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছেন।

পুলিশের দাবি, অনিল পণ্ডিতের নির্দেশে কুনাল অমৃতসর থেকে একটি পিস্তল ও ২০ রাউন্ড গুলি সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সুমিত। অন্যদিকে, রাধা ও বাবিতা অস্ত্রটি নিয়ে মুম্বাইয়ে যান বলে অভিযোগ রয়েছে।

গত ১৮ অক্টোবর রোববার সন্ধ্যায় ফুটবল খেলে একটি ক্লাব থেকে বের হওয়ার সময় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালান তিন হামলাকারী। পরে সোমবার সকালে রাজস্থানের কোটা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের ভাষ্য, তারা নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন।

গ্রেফতার তিন হামলাকারী হলেন হরিয়ানার সোনিপতের রেহান ওরফে শুক্কা, বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা এবং মুম্বাইয়ে বসবাসকারী হৃতিক কুর্মি ওরফে রোশন এবং হরিয়ানার ফুল সিং।

মুম্বাই পুলিশের অপরাধ শাখা জানিয়েছে, হামলাকারীদের মূল লক্ষ্য ছিলেন বলিউডের অন্য এক প্রভাবশালী তারকা। ওই তারকার কঠোর নিরাপত্তার কারণে তারা তার ওপর হামলা চালাতে পারেননি। পরে টাইগার শ্রফকে তুলনামূলক সহজ লক্ষ্য মনে করে তার গাড়িতে গুলি চালান তারা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সংবাদটি শেয়ার করুন

আরও পড়ুন