ট্রাইব্যুনালে শুধু পলাতক আসামিদের বিচার হয়—জামায়াত নেতার দাবি অসত্য: প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেবল পলাতক আসামিদের বিচার হচ্ছে এবং উপস্থিত আসামিদের বিরুদ্ধে রায় দেওয়া হচ্ছে না—জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এমন দাবিকে সম্পূর্ণ অসত্য বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে তিনি এ বিষয়ে কথা বলেন। এছাড়া আদালত অবমাননাকর মন্তব্যের অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে আগামী ৪ নভেম্বর সশরীর ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর।
বিজ্ঞাপন
প্রসিকিউটর গাজী মোনাওয়ার জানান, পলাতক আসামিদের মামলা রাষ্ট্র নিযুক্ত আইনজীবীরা পরিচালনা করেন বলে তা দ্রুত সম্পন্ন হয়। অন্যদিকে, উপস্থিত আসামিরা একাধিক আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনা করেন এবং বিভিন্নভাবে সময়ক্ষেপণ করেন, যার ফলে বিচার প্রক্রিয়ায় কিছুটা সময় লাগে। তিনি উল্লেখ করেন, ‘আপনি যেটা বলেছেন যে একজন রাজনৈতিক নেতা, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেছেন, ট্রাইব্যুনালে শুধু পলাতক আসামিদের বিচার হয়। উপস্থিত আসামিদের বিরুদ্ধে কোনো রায় হচ্ছে না। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই কথাকে সম্পূর্ণভাবে অসত্য মনে করি।’
ব্রিফিংয়ে প্রসিকিউটর আরও জানান, বর্তমানে বেশ কয়েকজন উপস্থিত আসামির মামলার বিচার কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মামলার বিচার শেষের দিকে রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।























