নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :21 October 2026, 10:16 PM | নিউজটি পড়া হয়েছে : 1 বার
নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!

নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে পারেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ সুযোগ তৈরি হয়েছে। তবে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ছুটির নিয়ম এক নয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে বুধবার (২১ অক্টোবর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২০২৬ সালের স্কুল-কলেজের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর (রোববার) শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকবে।

এর আগে ৬ নভেম্বর (শুক্রবার) সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি-বেসরকারি স্কুল-কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটি পেতে পারেন। একই সঙ্গে দেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকার কথা রয়েছে।

তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। পরদিন ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে। বাংলা পঞ্জিকা অনুসারে, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে এ পূজা পালিত হবে।

সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে। ফলে সাপ্তাহিক ছুটি ও ধর্মীয় উৎসবের ছুটি মিলিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা টানা তিন দিন ছুটি ভোগ করতে পারবেন।

তবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির বিষয়টি আলাদা। বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্যও এ ছুটি প্রযোজ্য হওয়ার তথ্য পাওয়া যায়নি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির উল্লেখ নেই।

কালীপূজা বা শ্যামাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ পূজা দেবী কালীর উদ্দেশে নিবেদিত। হিন্দু পঞ্জিকার কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত এ উৎসব পালিত হয়।

শ্যামাপূজার দিন দীপাবলি উৎসবও উদ্যাপিত হয়। ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম ও ত্রিপুরাসহ বিভিন্ন অঞ্চলে এ উৎসব ব্যাপক জনপ্রিয়। বাংলাদেশেও হিন্দু সম্প্রদায়ের মানুষ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরও পড়ুন