ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার
পরীক্ষামূলক পর্যায়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় গত সেপ্টেম্বর পর্যন্ত ৭৪ হাজার ২৫৯টি পরিবার ভাতার সুবিধা পেয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে দেশের আনুমানিক ৪ কোটি ১০ লাখ খানাকে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে। বর্তমানে তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে এবং ২৩ নভেম্বর পর্যন্ত ৫৯ লাখ ১৬ হাজার ৭৯৬টি খানার তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। এই কর্মসূচির মাধ্যমে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন এবং অর্থ বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে বিএনপি সরকার এই ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করেছে। নিম্ন আয়ের ও দরিদ্র পরিবারগুলোকে সরাসরি নগদ আর্থিক সহায়তা দেওয়াই এ কর্মসূচির প্রধান লক্ষ্য। এই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারের একজন নারী সদস্য মাসে আড়াই হাজার টাকা করে ভাতা পান। গত ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত পাইলটিং পর্যায়ে ৮টি বিভাগের ৪২টি জেলার ৫৫টি ওয়ার্ডে ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। এরপর প্রক্সি মিনস টেস্ট বা পিএমটি স্কোরের মাধ্যমে ৭৭ হাজার ৮৯৪ জন নারীকে ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচন করা হয়েছে। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৭৪ হাজার ২৫৯টি খানা ভাতার আওতায় এসেছে।
২০২৬-২৭ অর্থবছরে মূল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত ১২ অক্টোবর থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে, যা আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে। এই কাজে প্রায় ৭০ হাজার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োজিত আছেন এবং মাঠপর্যায়ে ৬৬ হাজার ৮১৫টি ট্যাব সরবরাহ করা হয়েছে। উপকারভোগীদের ভাতার টাকা সরাসরি তাদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে পাঠানো হয়।
বিজ্ঞাপন
ভাতা বিতরণের জন্য সোনালী, জনতা, কৃষি ও পূবালী ব্যাংককে যুক্ত করা হয়েছে, যারা হিসাব খোলা ও কার্ড প্রস্তুতসহ প্রয়োজনীয় ব্যাংকিং সেবা প্রদান করবে। এছাড়া এটিএম বুথ, পয়েন্ট অব সেলস মেশিন এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এজেন্টের মাধ্যমে টাকা উত্তোলনের সুবিধা থাকবে। বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকসহ এমএফএস অপারেটরদের মধ্যে আন্তঃসংযোগ স্থাপনের কাজ চলছে। উপকারভোগীদের সিমকার্ড, ইন্টারনেট সেবা ও ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রামীণফোন ও রবিকে কর্ম–এলাকা ভাগ করে দেওয়া হয়েছে।
বৈঠকে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকৃত উপকারভোগী নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনে একাধিকবার তদন্ত ও যাচাইয়ের পাশাপাশি গণশুনানির ব্যবস্থা রাখা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত পরিদর্শনের জন্য কমিটি নির্দেশনা দিয়েছে। কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার এবং মাঠপর্যায়ের কার্যক্রম স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের অবহিত করার সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মো. শাহজাহান বলেন, “বৈঠকে মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। চলমান ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। কমিটি বলেছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন স্বচ্ছতার সঙ্গে করতে হবে। ধর্ম–বর্ণনির্বিশেষে সঠিক ও ভাতা পাওয়ার যোগ্য মানুষেরা যেন এই কার্ড পান, সেটি নিশ্চিত করতে বলা হয়েছে।”
মো. শাহজাহানের সভাপতিত্বে বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনসহ কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুণ রায় চৌধুরী, মো. মুজিবুর রহমান, মো. মাজেদুর রহমান ও মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।























