বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :5 October 2026, 6:27 PM | নিউজটি পড়া হয়েছে : 2 বার
বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি

‘উপুর্যপরি বোমা হামলা’ চালিয়ে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে একটি অজ্ঞাত ইমেইল বার্তায়।

আজ ৬ই অক্টোবর, মঙ্গলবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়টিতে একাধিক বোমা হামলা চালানোর কথা উল্লেখ করে রোববার সন্ধ্যায় ‘টিপিক্যাল চাইনিজম্যান’ (TypicalChineseman@gmail.com) নামের একটি ইমেইল আইডি থেকে বার্তাটি পাঠানো হয়।

এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। একই সঙ্গে ঘটনার তদন্তে নেমেছে গোয়েন্দা পুলিশের সাইবার টিমসহ একাধিক গোয়েন্দা সংস্থা।

৪ঠা অক্টোবর, রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ইমেইলটি পাঠানো হয়। এতে মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়।

পুলিশের ধারণা, অজ্ঞাত ইমেইল থেকে এমন বার্তা পাঠিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হতে পারে।

পুলিশ সূত্রে জানা গেছে, হুমকির ইমেইল পাওয়ার পরই ব্র্যাক কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা নেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সতর্কতামূলক বার্তা পাঠিয়ে সবার সহযোগিতা চেয়ে ইমেইলটি ফরোয়ার্ড করা হয়।

পাশাপাশি এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। বোমা হামলার হুমকির বিষয়টি তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সবাইকে উদ্দেশ করে পাঠানো ইমেইল বার্তায় বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা-১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে উপুর্যপরি বোমা হামলা চালাব। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ই অক্টোবর আনুমানিক সকাল ১১টায় এই হামলা করা হবে।’

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেন, এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি সম্ভাব্য কোনো হুমকি নয়। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি ডিবির সাইবার টিম তদন্ত করছে।

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় সংশ্লিষ্ট থানা থেকে আমাদের কাছে জিডিটি ফরোয়ার্ড করেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।’

সংবাদটি শেয়ার করুন

আরও পড়ুন