মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :25 November 2026, 6:16 AM | নিউজটি পড়া হয়েছে : 0 বার
মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে দেশের মাঝারি ও বৃহৎ শিল্পকারখানাগুলো ৬৬ শতাংশ উৎপাদন সক্ষমতায় পরিচালিত হয়েছে। গত বছরের চারটি প্রান্তিকে গড়ে এসব শিল্পকারখানার সক্ষমতা ছিল ৬৭ শতাংশ। এক বছরের ব্যবধানে শিল্পকারখানার উৎপাদন পরিস্থিতির তেমন কোনো উন্নতি না হওয়ায় তার নেতিবাচক প্রভাব পড়েছে কর্মসংস্থানে।

বিজ্ঞাপন

উৎপাদন ও আউটপুট বৃদ্ধি না পাওয়ার পেছনে বড় কারণ হিসেবে দেখা দিয়েছে জ্বালানিসংকট। আগে যেখানে লোডশেডিংয়ের গড় সময় ছিল ২ ঘণ্টা, সেখানে এপ্রিল-জুন প্রান্তিকে তা বেড়ে ৪ ঘণ্টায় দাঁড়িয়েছে। জরিপে অংশ নেওয়া ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানিকে তাদের প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করেছে। শিল্পোদ্যোক্তাদের মতে, শিল্পের সক্ষমতা ৭০ থেকে ৮০ শতাংশে উন্নীত করতে না পারলে কর্মসংস্থান, মুনাফা ও সরকারি রাজস্ব আয় বাড়ানো সম্ভব নয়।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ উদ্যোগে প্রথমবারের মতো ‘ইন্ডাস্ট্রি ১০০ ইনডেক্স’ জরিপ পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিআইডিএসের কার্যালয়ে এই সূচকের ফলাফল প্রকাশ করা হয়। দেশের উৎপাদনমুখী ১৩০টি কারখানার এপ্রিল-জুন ত্রৈমাসিকের তথ্যের ভিত্তিতে গত বছরের গড় প্রান্তিকের সঙ্গে তুলনা করে এই প্রতিবেদন তৈরি হয়েছে।

সূচক প্রকাশের সঙ্গে যুক্ত দুই প্রতিষ্ঠান জানিয়েছে, এখন থেকে প্রতি ত্রৈমাসিকে এই ফলাফল প্রকাশ করা হবে। জরিপে ১৪টি খাতের ১৩০টি শিল্পপ্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। মূলত উৎপাদন, উপকরণ, কর্মসংস্থান ও ব্যবসায়িক মনোভাব—এই চারটি সূচকের ওপর ভিত্তি করে জরিপটি করা হয়। উৎপাদন সূচকে প্রতিষ্ঠানের উৎপাদন পরিস্থিতি, ক্রয়াদেশ, বিক্রি ও সক্ষমতার ব্যবহার বিবেচনা করা হয়েছে। উপকরণ সূচকে কাঁচামাল, জ্বালানি ও আমদানি করা উপকরণের প্রাপ্যতা এবং দাম অন্তর্ভুক্ত ছিল। কর্মসংস্থান সূচকে শ্রমিকের সংখ্যা, নতুন নিয়োগ ও চাকরি ছাড়ার সংখ্যা এবং ব্যবসায়িক মনোভাব সূচকে শিল্পের বর্তমান অবস্থা ও আগামী তিন মাসের প্রত্যাশা পরিমাপ করা হয়েছে।

ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোকে এই সূচকের অন্তর্ভুক্ত করা হয়নি। বিআইডিএস ও বিসিআইয়ের ব্যাখ্যা অনুযায়ী, বাজারে ক্ষুদ্র শিল্পের বৈচিত্র্য এত বেশি যে মাঝারি ও বৃহৎ শিল্পের সঙ্গে একই সূচকে রাখলে সঠিক চিত্র পাওয়া কঠিন।

বিজ্ঞাপন

সূচক প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকি। বিশেষ অতিথি ছিলেন বিসিআইয়ের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ এবং সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক। বিআইডিএসের গবেষণা পরিচালক কাজী ইকবাল সূচকের ফলাফল তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, উৎপাদনশীল খাতের কার্যক্ষমতা বা পারফরম্যান্স উদ্ঘাটনের জন্য এই সূচক তৈরি করা হয়েছে। জরিপে অন্তর্ভুক্ত ১৪টি খাতের মধ্যে রয়েছে তৈরি পোশাক, টেক্সটাইল ও স্পিনিং, গার্মেন্টস অ্যাকসেসরিজ, ওষুধ ও রসায়ন, চামড়া ও চামড়াপণ্য, পাট ও পাটপণ্য, খাদ্য প্রক্রিয়াজাত, হালকা প্রকৌশল, আসবাব, অটোমোবাইলস, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস, সিমেন্ট ও সিরামিক, ইস্পাত ও প্লাস্টিক শিল্প। মাঝারি শিল্পের ক্ষেত্রে ১২১ থেকে ৩০০ জন এবং বড় শিল্পের ক্ষেত্রে ৩০০ জনের বেশি শ্রমিক থাকা প্রতিষ্ঠানগুলোর তথ্য নেওয়া হয়েছে।

বিআইডিএসের গবেষক কাজী ইকবাল জানান, গত এপ্রিল-জুন প্রান্তিকে বস্ত্র খাতে উৎপাদন সক্ষমতা সবচেয়ে বেশি কমেছে। গত বছরের গড় ৭৩ শতাংশ থেকে কমে তা ৫৫ শতাংশে নেমেছে এবং উৎপাদন কমেছে ২০ শতাংশ। তবে পোশাক খাতে উৎপাদন কিছুটা বেড়েছে। উপকরণ সূচকের বিষয়ে বলা হয়, ৯৪ শতাংশ কারখানার কাঁচামালের দাম বেড়েছে এবং পরিবহন ব্যয় বেড়েছে ১০ শতাংশ। গত বছরের গড়ের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কর্মসংস্থান কমেছে ১ শতাংশ। ব্যবসা মনোভাব সূচকে প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, আগামী বছর তারা বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণ করবে। ৪৬ শতাংশ প্রতিষ্ঠান যন্ত্রপাতি আমদানির এবং ২৪ শতাংশ প্রতিষ্ঠান নতুন উৎপাদন লাইন বাড়ানোর আশা করছে।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকি বলেন, “কর্মসংস্থানমুখী অর্থনীতি তৈরি করা সরকারের অগ্রাধিকার। এ জন্য বেশ কিছু প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এসব প্যাকেজ বাস্তবায়নে কোথায় সমস্যা হচ্ছে, সেটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বসে সমাধান বের করা হবে।” তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানি সমস্যা দেখা দিয়েছে। এ কারণে নবায়নযোগ্য জ্বালানি এবং নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার।”

বিজ্ঞাপন

জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, “কর্মসংস্থান বাড়েনি—এটা হতাশা ও বিপজ্জনক অবস্থা। কেন শিল্পকারখানাগুলোর পুরো উৎপাদন সক্ষমতা ব্যবহার করা যাচ্ছে না, সেটা খতিয়ে দেখা উচিত।”

বিসিআইয়ের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বলেন, “শিল্পের বিষয়ে বেশির ভাগ সময় সুনির্দিষ্ট তথ্য ছাড়া অনুমাননির্ভর কথা বলা হয়।”

সংবাদটি শেয়ার করুন