সার্কিট হাউসে ফিরেই সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সার্কিট হাউসে ফিরেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সেখানে ফিরেই অনলাইনে সিন্ডিকেট সভা ডেকেছেন তিনি।
সিন্ডিকেটের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টায় অনলাইনে এ সভা আহ্বান করেছেন উপাচার্য। মেসেজের মাধ্যমে তাদের সভায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। সভায় অংশ নেবেন কি না, তা জানতে একাধিক সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কেউই বিষয়টি নিশ্চিত করেননি।
চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক মো. রাশিদুল হাসান বলেন, ‘আজ সন্ধ্যা ৬টায় অনলাইনে সভায় ডাকা হয়েছে। আমি ছুটিতে আছি, তাই যোগ দিতে পারব কি না নিশ্চিত নই।’
ইলেকট্রিক্যাল ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন বলেন, ‘উনি মেসেজ পাঠিয়েছেন। মেসেজ পাঠিয়ে সিন্ডিকেট সভা আহ্বান করা যায় কি না বা এটা নিয়মের মধ্যে কি না, তা জানি না। নিয়ম হলো, রেজিস্ট্রারের মাধ্যমে চিঠি আসে।’
এদিকে চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির দাবি করেছেন, তিনি আগেই রেজিস্ট্রারের পদ থেকে পদত্যাগ করেছেন। ফলে নিয়মিত প্রক্রিয়ায় রেজিস্ট্রারের মাধ্যমে সিন্ডিকেট সভা আহ্বান করা হয়নি।
সিন্ডিকেট সভার বিষয়ে জানতে উপাচার্যের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিদ্যুৎবিহীন অবস্থায় টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহায়তায় মুক্ত হন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। পরে জরুরি চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।























