সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :11 November 2026, 6:31 AM | নিউজটি পড়া হয়েছে : 4 বার
সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল

বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের লক্ষ্য নিয়ে জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিলটি সংসদে উত্থাপন করেন। বিলটি উত্থাপনের পর তিন কার্যদিবসের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিলে উল্লেখ করা হয়েছে, বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রমের ক্রয় প্রক্রিয়ায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ই-জিপি পদ্ধতি অনুসরণ করা বাধ্যতামূলক হবে না। এছাড়া সীমিত দরপত্র পদ্ধতিতে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার বিধান রাখা হয়েছে এই বিলে।

এর আগে গত ১৯ অক্টোবর ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ’ জারি করা হয়েছিল। গত সোমবার অধ্যাদেশটি সংসদে তোলা হয় এবং সেই অধ্যাদেশটি রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে মঙ্গলবার বিলটি সংসদে আনা হয়েছে।

বিলে আরও বলা হয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে ওপেক্স মডেলে উপযুক্ত স্থানে বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যাবে। যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বা নিয়মিত আয় রয়েছে, তারা ভবিষ্যৎ আর্থিক সম্ভাব্যতা বিবেচনায় ক্যাপেক্স মডেলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারবে। বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি করতে হবে।

ক্রয়সংক্রান্ত বিশেষ বিধান অনুযায়ী, ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্র পদ্ধতিতে পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার ক্ষেত্রে আর্থিক সীমা হবে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা। কার্যক্রম দ্রুত বাস্তবায়নের স্বার্থেই ক্রয় প্রক্রিয়ায় ই-জিপি বাধ্যতামূলক করা হয়নি। এছাড়া বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রমের নীতিগত দিকনির্দেশনা দেওয়ার জন্য ‘জাতীয় পলিসি কাউন্সিল’ গঠন এবং জেলা পর্যায়ে ‘জেলা কারিগরি ও সমন্বয় কমিটি’ গঠনের বিধান রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সৌরবিদ্যুৎ ব্যবস্থা সুরক্ষায় চুরির ক্ষেত্রে শাস্তির বিধানও যুক্ত করা হয়েছে বিলে। এতে বলা হয়েছে, কোনো ব্যক্তি বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে বিদ্যুৎ বা এর কোনো যন্ত্রাংশ চুরি করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

বিল উত্থাপনের আগে বিরোধী দলের সংসদ সদস্য নাজিবুর রহমান এর বিরোধিতা করেন। তিনি বলেন, “সংসদকে পাশ কাটিয়ে অধ্যাদেশ জারি করা আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। একটি অধ্যাদেশকে বিল হিসেবে সংসদে আনা হয়েছে। যে প্রক্রিয়ায় এটি করা হয়েছে, তা সংসদের আইন প্রণয়নের সার্বভৌমত্বের পরিপন্থী।”

নাজিবুর রহমান আরও বলেন, “জাতীয় নবায়নযোগ্য জ্বালানি কৌশলপত্র গত জুলাইয়ে দেওয়া হয়েছিল। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে প্রণোদনা দেওয়া হয় ১ সেপ্টেম্বর। তখন সংসদের অধিবেশন চলছিল। অধিবেশন শেষ হয় ১০ সেপ্টেম্বর। এরপর ১৯ অক্টোবর অধ্যাদেশ জারি করা হয়, যা এখন বিল আকারে সংসদে আনা হয়েছে।” তিনি প্রশ্ন তোলেন, কার্যকর সংসদ থাকা সত্ত্বেও কেন সংসদ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক স্থায়ী কমিটিকে পাশ কাটিয়ে অধ্যাদেশ জারি করা হলো।

জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, “নাজিবুর রহমানের বক্তব্য বিভ্রান্তিমূলক। সংসদের অধিবেশন না থাকা অবস্থায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করলে তাঁর সন্তুষ্টির বিষয়টি নিজস্ব বিবেচনার ওপর নির্ভর করে। এ বিষয়ে আদালতেও প্রশ্ন তোলার সুযোগ নেই।” আইনমন্ত্রী আরও যোগ করেন, সংসদ আইন প্রণয়নের ক্ষেত্রে সার্বভৌম হলেও এই প্রক্রিয়ায় রাষ্ট্রপতি হস্তক্ষেপ করতে পারেন না এবং সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে রাষ্ট্রপতির সন্তুষ্টির বিষয়ে সংসদের হস্তক্ষেপের ক্ষমতা নেই।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী ও বিরোধী দলের সংসদ সদস্যের মধ্যে এই বিতর্কের পর বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিলটি আনার কারণ ব্যাখ্যা করেন। পরবর্তীতে ডেপুটি স্পিকার বিলটি উত্থাপনের অনুমতি দেওয়ার প্রস্তাব ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয় এবং এরপরই বিদ্যুৎমন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরও পড়ুন