স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ
বাংলাদেশ ও ভারতের মধ্যে পরিকল্পিত পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকায় ১৭ ও ১৮ নভেম্বর দুই দেশের মধ্যে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিজ্ঞাপন
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানায়, সময়সূচি না মেলার কারণে ভারত গত সপ্তাহে কূটনৈতিক পত্র দিয়ে ঢাকার বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায়। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় সংলাপটি দুই পক্ষের সম্মতিতে আয়োজন করা হচ্ছিল। তবে এখন সংলাপ স্থগিত হয়ে যাওয়ায় এ বছর বৈঠকটি হওয়ার সম্ভাবনা খুব কম।
কনস্যুলার সংলাপ সামনে রেখে ৩ নভেম্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পুশ ইনের অপপ্রয়াস বন্ধ, শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার বিষয়ে মত এসেছিল।
২০১৭ সালে শুরুর পর বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন পর্যন্ত চারবার কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে চতুর্থ সংলাপ অনুষ্ঠিত হয়।























