হাজারীবাগে কুরিয়ার সার্ভিস অফিসে ভাঙচুর-লুটপাট
রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিস অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভাঙচুর শেষে হামলাকারীরা কয়েক লাখ টাকার পণ্য, একাধিক ল্যাপটপ এবং সিসি ক্যামেরা ও ফুটেজ সংরক্ষণের যন্ত্র খুলে নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিকদার মেডিকেল কলেজ-সংলগ্ন ওই কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্ধ্যায় একদল লোক কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে তাদের কয়েকজন দেয়াল টপকে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীদের হুমকি দেয়। এরপর গুদামে ঢুকে সিসি ক্যামেরা ও ফুটেজ সংরক্ষণের যন্ত্র খুলে নেয়। এ সময় কার্যালয়ের আসবাব ভাঙচুরের পাশাপাশি কয়েকটি ল্যাপটপ ও পণ্য লুট করে নিয়ে যায় তারা।
পুলিশ আরও জানায়, এ জে আর কুরিয়ার সার্ভিস শিকদার গ্রুপের কাছ থেকে চুক্তির মাধ্যমে জমি ভাড়া নিয়ে সেখানে নিজেদের প্রধান গুদাম ও কার্যালয় স্থাপন করে। চুক্তি অনুযায়ী এত দিন শিকদার গ্রুপকে জমির ভাড়া দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। হামলাকারীরা দাবি করে, শিকদার গ্রুপের মালিকের সঙ্গে তাদের কথা হয়েছে। এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দিতে হবে। অন্যথায় সেখানে ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দেয় তারা।
হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন বলেন, শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম করে এক দল ব্যক্তি এ কে আর কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে ভাঙচুর ও হুমকি দিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।























