ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :4 October 2026, 9:48 AM | নিউজটি পড়া হয়েছে : 1 বার
ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা

রাজনৈতিক বিক্ষোভ ঠেকাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বিভিন্ন সড়কে হাজার হাজার ভারী কন্টেইনার বসিয়ে শহর কার্যত বন্ধ করে দিয়েছে সরকার। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন ব্যবসায়ীরা।

অবরোধের কারণে পরিবহন খাতে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। একই সঙ্গে রাস্তায় আটকে থাকা চালকেরা পড়েছেন মারাত্মক ভোগান্তিতে।

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) রাজধানীমুখী পদযাত্রা ঠেকাতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আনুমানিক ১,৫০০ থেকে ২,০০০ কন্টেইনার রাখা হয়েছে।

এই পরিস্থিতিতে স্থানীয় তরুণদের মধ্যে ইসলামাবাদকে ঠাট্টা করে ‘কন্টেইনারবাদ’ বলার চল শুরু হয়েছে। তবে হাস্যরসের আড়ালে শহরটি বাস্তবেই গুরুতর সংকটে পড়েছে।

আল-জাজিরার প্রতিবেদন বলছে, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পুলিশ যেসব কন্টেইনার ও লরি জব্দ করেছে, সেগুলোর কারণে বহু চালক ও পরিবহন ব্যবসায়ী আটকে পড়েছেন।

অল পাকিস্তান গুডস ট্রান্সপোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ, পুলিশ বেআইনিভাবে তাদের গাড়ি আটকে রেখেছে। এতে প্রতিদিনের আয় ও ক্ষতির জন্য কোনো ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে না। এদিকে, বিদেশি শিপিং কোম্পানির কন্টেইনার আটকে থাকায় প্রতিদিন বড় অঙ্কের বৈদেশিক মুদ্রার জরিমানা দিতে হচ্ছে।

সরকার অবশ্য এই অভিযোগ নাকচ করেছে। তাদের বক্তব্য, নিয়ম মেনে চুক্তির ভিত্তিতে কন্টেইনার ভাড়া নেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়েই ভাড়া পরিশোধ করা হবে।

ক্ষতির পরিধি কন্টেইনার ভাড়ার মধ্যেই সীমিত নেই। সড়ক বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্য ও পর্যটন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর সাধারণ মানুষের যাতায়াতও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

রাজনৈতিক অচলাবস্থায় অর্থনীতির ক্ষতি বাড়ছে। একই সঙ্গে রাজধানীর জনজীবন অনিশ্চয়তা ও স্থবিরতার মধ্যে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন