কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :6 November 2026, 8:23 PM | নিউজটি পড়া হয়েছে : 1 বার
কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম

বাংলাদেশ কোস্ট গার্ডের বহরে থাকা পাঁচটি জাহাজের নাম বদলে দিয়েছে সরকার। এর মধ্যে একটি জাহাজের নামে ছিল ‘জয় বাংলা’, আর বাকি চারটির নাম ছিল জাতীয় চার নেতার নামে। নতুন নির্ধারিত নামগুলো অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার, ৫ই নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাহাজগুলোর আগের নাম বাতিল করে নতুন নাম দেওয়া হয়েছে। বিসিজিএস জয় বাংলার নতুন নাম হয়েছে বিসিজিএস অদম্য বাংলা।

এছাড়া. বিসিজিএস সৈয়দ নজরুল এখন থেকে পরিচিত হবে বিসিজিএস ফিরোজ কবীর নামে। বিসিজিএস তাজউদ্দীনের নাম পাল্টে রাখা হয়েছে বিসিজিএস নুরুল ইসলাম। বিসিজিএস মনসুর আলীর নতুন নাম বিসিজিএস এম হুমায়ুন কবীর। আর বিসিজিএস কামরুজ্জামানের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিসিজিএস আশরাফ সিদ্দিকী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নাম বদলের নির্দিষ্ট কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

পরিবর্তনের আগের নামগুলোর মধ্যে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মনসুর আলী ও কামরুজ্জামান মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের শীর্ষ চার নেতা হিসেবে পরিচিত। এ কারণে জাতীয় ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট এসব নাম সরিয়ে নতুন নাম দেওয়ার সিদ্ধান্তে ইতিমধ্যে তুমুল সমালোচনা চলছে অন্তর্জালে।

সরকারি প্রজ্ঞাপনে নতুন নামগুলো কার নামে বা কোন প্রেক্ষাপটে রাখা হয়েছে, সে বিষয়েও কিছু বলা হয়নি। ফলে সিদ্ধান্তের পেছনের যুক্তি কিংবা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা এখনো জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরও পড়ুন