নাটকীয় মোড়, অস্বীকারের পরে চ্যাটজিপিটি দিয়ে পোস্ট লিখে পদত্যাগের ঘোষণা ইশরাকের!
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে প্রধানমন্ত্রী’র পদত্যাগের নির্দেশ খবর অস্বীকারের পর এবার নিজেই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানালেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পদত্যাগের ঘোষণা দেবেন।
ইশরাকের ওই ফেসবুক পোস্টের শুরুতেই “বানান, ব্যাকরণ ও যতিচিহ্ন সংশোধন করে মূল বক্তব্য ও আবেগ অক্ষুণ্ন রেখে লেখাটি সাজিয়ে দেওয়া হলো” উল্লেখ করা হয়েছে। এ কারণে পোস্টটি তৈরিতে চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তা নেওয়া হয়েছে কি না, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। যদিও ৬ মিনিট পরেই তিনি পোস্ট এডিট করে উপরের অংশটুকু মুছে ফেলেন।
ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’
পোস্টের আরেক অংশে তিনি লেখেন, ফেসবুকে কিছু মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখেছেন। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে ফিরবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে প্রতিমন্ত্রীর পদত্যাগের খবর এবং তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়ে অস্বীকৃতি জানানো হয়েছিল। কিন্তু সোমবার সকালে ইশরাকের নিজের ফেসবুক পোস্টে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা আসায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
যুক্তরাষ্ট্র থেকে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করা ইশরাক হোসেনের পোস্টে বানান, ব্যাকরণ ও যতিচিহ্ন সংশোধনের বিষয়টি আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। বর্তমানে চ্যাটজিপিটির মতো এআই টুল দিয়ে লেখা তৈরি, সম্পাদনা ও ভাষা পরিমার্জন করা যায়। ফলে তাঁর পোস্ট ঘিরে প্রযুক্তির ব্যবহার নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। তবে তিনি ঠিক কোন টুল ব্যবহার করেছেন, তা নিশ্চিত হওয়ার মতো তথ্য পাওয়া যায়নি।
ইশরাকের ঘোষণার পর প্রতিমন্ত্রীর পদত্যাগের বিষয়ে পরবর্তী পরিস্থিতি কী দাঁড়ায়, তা জানতে দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে তাঁর বক্তব্যের দিকে নজর এখন দেশবাসীর।























