পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। সোমবার শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, অনিবার্য কারণবশত এ সভা স্থগিত করা হয়েছে। সকাল ১১টায় রাজধানীর শ্রমভবনে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিজ্ঞাপন
শ্রম মন্ত্রণালয়ের ভাষ্যমতে, সভার নতুন সময়সূচি নির্ধারণ করে সংশ্লিষ্টদের শিগগিরই জানিয়ে দেওয়া হবে। পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরির হার সুপারিশ করতে সরকার এই মজুরি বোর্ড গঠন করেছে। এর আগে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছিল এবং আজকের সভায় মালিকপক্ষের মজুরির প্রস্তাব দেওয়ার কথা ছিল।
শ্রমিক নেতা ও নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, সোমবার সকাল ৮টায় বোর্ডের চেয়ারম্যান তাকে সভা স্থগিতের বিষয়টি অবহিত করেন। বাবুল আখতার বলেন, সভা স্থগিতের পেছনে বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে চলমান শ্রম আন্দোলন, সামগ্রিক শ্রম পরিস্থিতির অবনতি, রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতা।
পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর সরকার এই নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। অতীতে দেখা গেছে, মজুরি বোর্ডে শ্রমিকদের দাবির বিপরীতে মালিকপক্ষ সবসময়ই অনেক কম মজুরির প্রস্তাব দিয়েছে, যা অনেক সময় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও আন্দোলনের জন্ম দিয়েছে।























