আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :16 November 2026, 8:04 PM | নিউজটি পড়া হয়েছে : 2 বার
আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম করার চেষ্টার অভিযোগে আটক ৩৭ জন মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন। তাঁদের মধ্যে ৩৫ জনই কিশোর। আটক কিশোরদের গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হতে পারে—এমন খবর ছড়িয়ে পড়লে সন্তানদের কাছাকাছি থাকতে রোববার রাতভর মুন্সিগঞ্জ কারাগারের সামনে অবস্থান নেন তাঁদের মায়েরা ও অন্যান্য স্বজনেরা।

কারাগারের সামনে মাদুর পেতে রাত কাটান অভিভাবকেরা। ভেতরে বন্দি সন্তানদের নিয়ে উদ্বেগ আর বাইরে অপেক্ষার মধ্য দিয়ে কাটে তাঁদের রাত। সোমবার সকালেও স্বজনেরা কারাগারের সামনে জড়ো হন।

পরে দুপুরে কারা কর্তৃপক্ষ জানায়, আটক কিশোরেরা সবাই মুন্সিগঞ্জ জেলা কারাগারেই রয়েছেন। তাঁদের অন্য কোনো কারাগার বা শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা কারা কর্তৃপক্ষের কাছে আসেনি।

এদিকে আটক কিশোরদের জামিনের বিষয়ে আজ আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। স্বজনেরা সেই শুনানির দিকে তাকিয়ে আছেন।

জানা গেছে, গত শুক্রবার (১৩ নভেম্বর) মুন্সিগঞ্জ শহরের মোল্লারচর এলাকা থেকে ৩৭ জনকে আটক করা হয়। পরদিন তাঁদের আদালতে পাঠায় পুলিশ। আদালতে জামিনের আবেদন করা হলেও তা নামঞ্জুর হয়। পরে তাঁদের মুন্সিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

আটক ৩৭ জনের মধ্যে ৩৫ জন কিশোর হওয়ায় তাঁদের কারাগারে রাখা এবং সম্ভাব্য শিশু উন্নয়ন কেন্দ্রে স্থানান্তরের বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

রাজনৈতিক কার্যক্রমের অভিযোগে আটক ব্যক্তিদের মধ্যে বিপুলসংখ্যক কিশোর থাকার ঘটনা শিশুদের আইনগত সুরক্ষা, তাদের প্রতি বিচারিক প্রক্রিয়ার সংবেদনশীলতা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অপ্রাপ্তবয়স্কদের সম্পৃক্ততার প্রশ্নও সামনে এনেছে। এখন আদালতের জামিন শুনানির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন আটক কিশোরদের পরিবারগুলো।

সংবাদটি শেয়ার করুন