যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল থাকার দৃঢ় শপথ নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ আওয়ামী লীগের এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় রাত ৮টায় সিডনির লাকেম্বা ইউনাইটিং চার্চে (Lakemba Uniting Church) এই সমাবেশের আয়োজন করা হয়।
‘বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি, অস্ট্রেলিয়া’-এর উদ্যোগে এবং ‘বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া’-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই সভায় অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতা-কর্মীদের ঢল নামে।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম নুরুল আজাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের পর শুরু হয় মূল আলোচনা সভা। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাবেশস্থল।
বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি, অস্ট্রেলিয়ার সভাপতি গাউসুল আলম শাহাজাদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আজাদের প্রাণবন্ত সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক হুইপ অ্যাডভোকেট সানজিদা খানম, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি আইনজীবী ড. সিরাজুল হক এবং অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান কচি। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী সিকদার, বিলকিস জাহান, গাজী নিলু, শাহজাহান মিল্টনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা দলের বর্তমান সাংগঠনিক অবস্থা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং প্রবাসে দলের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
শফিউল আলম চৌধুরী নাদেল টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি বাঙালির অধিকার আদায়ের প্রতীক। দেশের প্রতিটি ক্রান্তিকালে প্রবাসী নেতা-কর্মীরা ঢাল হয়ে দাঁড়িয়েছেন। আজ সিডনির এই বিশাল উপস্থিতি প্রমাণ করে, যতই ষড়যন্ত্র হোক না কেন, মুজিব আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যাবে না। দেশের বিরুদ্ধে যেকোনো অপপ্রচার রুখে দিতে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অ্যাডভোকেট সানজিদা খানম প্রবাসে থেকেও দলীয় কর্মকাণ্ড ও বঙ্গবন্ধুর আদর্শ লালন করার প্রশংসা করে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার আহ্বান জানান।
আনোয়ারুজ্জামান চৌধুরী বিশ্বব্যাপী প্রবাসী আওয়ামী লীগের সমন্বিত ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, “পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমাদের পরিচয় আমরা শেখ হাসিনার কর্মী। আন্তর্জাতিক পর্যায়ে যেকোনো অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলায় প্রবাসীদের একযোগে কাজ করতে হবে।”
আইনজীবী ড. সিরাজুল হক বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের মূল শক্তি হলো একতা। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশ্নে আমাদের কোনো আপস নেই। সাংগঠনিক শৃঙ্খলা মেনে অস্ট্রেলিয়ার মাটিতে আওয়ামী লীগকে একটি অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করতে হবে।”
মেহেদী হাসান কচি অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির চিত্র তুলে ধরে কেন্দ্রের যেকোনো কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
গাউসুল আলম শাহাজাদা ও ফয়সাল আজাদ সভাপতির সমাপনী বক্তব্যে জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি সিডনি আওয়ামী লীগের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। জননেত্রী শেখ হাসিনার যেকোনো নির্দেশনা বাস্তবায়নে তারা অতীতের মতোই অগ্রণী ভূমিকা পালন করবেন। এর আগে সূচনা বক্তব্যে সঞ্চালক ফয়সাল আজাদ সিডনি আওয়ামী লীগের বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন এবং অতিথিদের স্বাগত জানান।
সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া, সিডনি আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং মহিলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে নৈশভোজের আয়োজনের মধ্য দিয়ে কর্মী সভার সমাপ্তি ঘটে।























