লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :15 November 2026, 8:40 PM | নিউজটি পড়া হয়েছে : 0 বার
লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর

লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ শহর। বিক্ষোভ চলাকালে গোপালগঞ্জ প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ছাড়া সরকারি কলেজের নামফলক ভাঙচুর, বিএনপির ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা এবং সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন মিছিলকারীরা।

১৫ই নভেম্বর,রোববার দুপুরে এসব ঘটনা ঘটে। এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে লগি-বৈঠা হাতে মিছিল নিয়ে শহরের আশপাশে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে তারা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভের একপর্যায়ে গোপালগঞ্জ প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিও ভাঙচুর করা হয়।

এরপর বিক্ষোভকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে কলেজের নামফলক ভেঙে ফেলেন। সেখানে আগের নাম ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টানিয়ে দেন তারা। পরে কলেজের সামনের প্রধান সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীরা ব্যাংকপাড়ায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। সেখানে বিভিন্ন স্লোগান দেন তারা। এ সময় শহরের বিভিন্ন স্থানে টানানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটে। পুলিশের একটি এপিসি গাড়িতে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেন বিক্ষোভকারীরা।

অন্যদিকে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভেঙে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা নতুন নামফলক টাঙানো হয়েছে।

একের পর এক এসব ঘটনায় শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এসব ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন