শিশুকে ধর্মশিক্ষা দিতে গিয়ে তার মায়ের সঙ্গে যৌন সম্পর্ক: বিশেষ মুহূর্তের ভিডিও করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :2 November 2026, 5:49 PM | নিউজটি পড়া হয়েছে : 0 বার
শিশুকে ধর্মশিক্ষা দিতে গিয়ে তার মায়ের সঙ্গে যৌন সম্পর্ক: বিশেষ মুহূর্তের ভিডিও করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে এক শিশুকে ধর্মীয় শিক্ষা দিতে গিয়ে তার মায়ের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে এক মসজিদের ইমামের বিরুদ্ধে।

ওই গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে নূর আলম শেখ (৩২) নামের ওই ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল রোববার, ১লা নভেম্বর, রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করে পুলিশ। সেখানে আলামত পাওয়া গেছে।

নূর আলম শেখ গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগাতী গ্রামের বাসিন্দা। তিনি টংগিবাড়ী উপজেলার একটি জামে মসজিদে প্রায় ১৮ মাস ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি স্থানীয় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্মীয় শিক্ষা দিতে তার বাড়িতে যাতায়াত করতেন।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একপর্যায়ে শিশুটির মায়ের সঙ্গে নূর আলমের সম্পর্ক তৈরি হয়। অভিযোগ অনুযায়ী, সেই সম্পর্কের সময় তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করেন তিনি।

প্রায় এক মাস আগে বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটি নূর আলমকে ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দেয় এবং তাকে এলাকা ছাড়তে বলে। এরপর থেকে ওই গৃহবধূকে নানাভাবে হুমকি দিয়ে দেখা করার জন্য চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে নিজের ধারণ করা একটি আপত্তিকর ভিডিও অনলাইনে ওই নারীর পরিবারের এক সদস্যের কাছে পাঠান তিনি। তার সঙ্গে দেখা না করলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ করেছে পুলিশ।

পুলিশের ভাষ্য, এ বিষয়ে তথ্য পাওয়ার পর রোববার বিকেল ৪টার দিকে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে ডিবির একটি দল অভিযান শুরু করে।

পুলিশ পরিদর্শক অর্জুন কুমার দাশ, উপপরিদর্শক আবুল কালাম আজাদ বিপিএম এবং উপপরিদর্শক (ওসি) রেজাউল কাজীর নেতৃত্বে অভিযান চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে নূর আলমকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর আলম অভিযোগের বিষয়গুলো স্বীকার করেছেন। তিনি বিবাহিত এবং চার সন্তানের জনক। এ ঘটনায় তার বিরুদ্ধে টংগিবাড়ী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন