যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :7 November 2026, 6:25 AM | নিউজটি পড়া হয়েছে : 9 বার
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই শিশুদের যৌন নির্যাতনের ছবি ও ভিডিও রাখার অভিযোগে মেগান মার্কেলের বাবা টমাস মার্কেল সিনিয়রকে গ্রেপ্তার করেছে। ফ্লোরিডার লেকল্যান্ড শহরের একটি প্রবীণ নিবাস থেকে ৮২ বছর বয়সী টমাসকে আটক করা হয় বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে জানানো হয়েছে। মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তা শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গ্রেপ্তারের তথ্য দিলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। রয়টার্সের পক্ষ থেকে এফবিআইয়ের প্রতিনিধিদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। এছাড়া টমাস মার্কেলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আনা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

ডেইলি মেইলের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মেক্সিকো ও ফিলিপাইনে থাকা টমাস মার্কেলের দুটি সংরক্ষণাগারেও একই ধরনের আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে। তবে এসব তথ্যের পক্ষে তাৎক্ষণিকভাবে সরকারি কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে কিছুদিন ফিলিপাইনে বসবাসকারী টমাসের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে গত মাসে ফিলিপাইন কর্তৃপক্ষ তদন্ত শুরু করে।

ব্রিটিশ পুলিশ এর আগে জানিয়েছিল, টমাসের বিরুদ্ধে আসা অভিযোগগুলো বিদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠানো হবে। অভিযোগগুলো প্রথম পাওয়ার সময় অন্য কোনো কর্তৃপক্ষকে জানানো হয়নি বলেও তারা জানতে পেরেছিল। নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে টমাস ডেইলি মেইলকে বলেছেন, এসব অভিযোগ অসত্য ও ‘জঘন্য মিথ্যা’।

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল একজন মার্কিন নাগরিক। ২০১৮ সালে তাঁদের বিয়ে হয়। বাবার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগে মেগান মার্কেল ‘গভীরভাবে বিচলিত’ বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন