গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের
গোপালগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধারাবাহিক বিক্ষোভ, সড়ক অবরোধ এবং টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগের মধ্যে নেতাকর্মীদের বিশেষ বার্তা দিয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কোনো ধরনের সংঘাতে না জড়ানো, উসকানিতে পা না দেওয়া এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে দলটি।
রোববার (১৫ নভেম্বর) জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া এক বার্তায় দলের নেতাকর্মী ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীদের প্রতি এ আহ্বান জানানো হয়।
বার্তায় বলা হয়, দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে গোপালগঞ্জের নেতা-কর্মী ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা যে ত্যাগ, সাহসিকতা ও অবদান রেখেছেন, তা বাংলাদেশ আওয়ামী লীগ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি নেতাকর্মীদের আবেগ, ভালোবাসা ও প্রত্যাশাকেও সম্মান জানায় দলটি।
তবে আবেগের বশবর্তী হয়ে এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না, যা নিজেদের, দলের কিংবা দেশের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত, উসকানি, আক্রমণ কিংবা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বার্তায় বলা হয়, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সর্বোচ্চ সংযম ও ধৈর্যের পরিচয় দিতে হবে।
আওয়ামী লীগ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী উল্লেখ করে বার্তায় আরও বলা হয়, দলের প্রতিবাদ হবে শান্তিপূর্ণ, কর্মসূচি হবে শৃঙ্খলাপূর্ণ এবং সংগ্রাম হবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে।
নেতাকর্মীদের প্রতি বিশেষ আহ্বান
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নেতাকর্মীদের নিজেদের সুরক্ষিত রাখা, কোনো ধরনের উসকানিতে পা না দেওয়া এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দলের ভাবমূর্তি ও সাংগঠনিক শক্তি অক্ষুণ্ণ রাখা এবং নেতৃবৃন্দের নির্দেশনা ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বার্তায় বলা হয়, আওয়ামী লীগের শক্তি ঐক্য, সাহস ধৈর্য এবং তাদের পথ গণতান্ত্রিক আন্দোলন। আবেগ, ভালোবাসা ও প্রতিবাদ থাকলেও কোনো অবস্থাতেই হঠকারিতা করা যাবে না। প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বার্তার শেষাংশে শেখ হাসিনাকে আবারও নিজেদের মাঝে ফিরে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
সাম্প্রতিক বিক্ষোভ-অবরোধে উত্তপ্ত গোপালগঞ্জ
এর আগে শনিবার (১৪ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কাশিয়ানী উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একাধিক বিক্ষোভ মিছিল করেন। এসব কর্মসূচিতে শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে স্লোগান দেওয়া হয়। একই দিন রাতে টুঙ্গিপাড়ার নিলফা বাজার ও বর্ণি বাজারে বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। এসব ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
এসব ঘটনার পর পাটগাতী-গোপালগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। এতে যান চলাচল ব্যাহত হয় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার সকালেও গোপালগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান ও বিক্ষোভের খবর পাওয়া যায়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন স্থানে জড়ো হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
এর আগে গত ১০ নভেম্বর জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এতে পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।























