নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের
জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক ও জামায়াত নেতৃত্বাধীন জোটের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম তার কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে (আসলে গুদামঘর) পেট্রোল বোমা হামলা করা হয়েছে বলে দাবি করেছেন। যদিও, পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি।
পেট্রোল বোমা হামলা হলে যে ধরনের চিহ্ন থাকতো, তেমন কোনো আলামত খুঁজে পায়নি পুলিশের তদন্তকারী দল।
এনসিপিসহ সমমনা দলগুলো ঘটনার পর থেকে দাবি করে আসছিল আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের কর্মীরা এই “নাশকতা” ঘটিয়েছে। তবে পুলিশের বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গন ও অন্তর্জালে তুমুল সমালোচনা শুরু হয়েছে।
আওয়ামী লীগ বা ছাত্রলীগের ওপর দায় চাপিয়ে নোংরা রাজনীতির খেলা খেলতে এনসিপির নেতাকর্মীরা এই নাটক সাজিয়েছে, ধারণা করছেন সাধারণ মানুষ।
এর বাইরেও অন্তর্জালে উঠে এসেছে নানাজনের মন্তব্য। কুষ্টিয়ার স্থানীয় সাধারণ মানুষই বিভিন্ন সংবাদের মন্তব্যের ঘরে বলছেন, যদি আওয়ামী লীগের কর্মীরা এমন ঘটনা ঘটাতেই চাইতো, তবে নুসরাতের গুদামঘরে আগুন দিতো না। তার বাড়িই হতো টার্গেট।
এদিকে, কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদুর রহমান বৃহস্পতিবার সকালে আগুন লাগার তথ্য নিশ্চিত করে জানান, আগুনে বাড়িতে থাকা দুইটি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে। এছাড়া অন্য কেউ হতাহত হয়নি।
খালেদুর রহমান বলেছেন, রাত সোয়া ১২টা থেকে ১২টা ২০ মিনিটের দিকে নুসরাত তাবাসসুম তাকে ফোন করে বাড়িতে আগুনের বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশের টহল দল ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। এরপর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ সারারাত ঘটনাস্থলে ছিল।
তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
নুসরাত বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কন্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।”
এরপর এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, “এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী সন্ত্রাসীরা।”
তবে এ নিয়ে পুলিশের বক্তব্য ভিন্ন।
কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদুর রহমান বলেন, তারা এখন পর্যন্ত পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাননি। তবে, আমরা অনুসন্ধান করছি যে যদি এটা বোমা হয়, তাহলে এখানে কারা জড়িত আছে। মূলত ফায়ার সার্ভিসই বলে যে কীভাবে আগুন লেগেছে। তারা এখন পর্যন্ত কোনো মতামত দেয় নাই।”
তিনি বলেন, “পল্লী বিদ্যুতের লোকও এসেছিলেন। তারাও পরীক্ষা-নিরীক্ষা করছেন যেন এটা শর্ট সার্কিট থেকে হয়েছে নাকি অন্য কিছু। পল্লী বিদ্যুৎও এখনো ফলাফল দেয়নি।”
কী ধরনের আলামত পেলে বোঝা যেত যে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে? এমন প্রশ্নের জবাবে ওসি খালেদুর রহমান বলেন, “পেট্রোল বোমার ক্ষেত্রে বোতলের কাচ বা এ ধরনের কোনো কিছু পাওয়া যায়। এক্ষেত্রে এগুলোর কোনোকিছু পাওয়া যায়নি। এ নিয়ে আরও অনুসন্ধান চলতেছে।”
দক্ষিণাঞ্চলীয় জেলা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান মধ্যপাড়া এলাকায় নুসরাত তাবাসসুমের বাড়ি।
ওসি মোহাম্মদ খালেদুর রহমান জানান, যে বাড়িটিতে আগুন লেগেছে, সেটি নুসরাতের দাদার তৈরি পুরোনো বাড়ি। সেখানে কেউ বাস করেন না, বাড়ির গুদাম হিসেবে সেটি ব্যবহৃত হয়।
তবে, নুসরাত তাবাসসুম দাবি করেছেন, সেই বাড়িটি থাকেন সাতজন মানুষ, একাধিক বৃদ্ধ।
পুলিশ জানিয়েছে, বাড়িটিতে আটটির মতো কক্ষ রয়েছে। বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল থাকে মূলত। ঘরগুলোতে পুরোনো আসবাব, গবাদিপশু ও পশুখাদ্য রাখা হয়। খড়কুটো থেকে শুরু করে বিভিন্ন দাহ্য জিনিসপত্র থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়েছে। ওই বাড়ি থেকে কিছুটা দূরেই নুসরাতদের তিনতলা বাড়ি, যেখানে তার মা-বাবা থাকেন। তাদের ওই নতুন বাড়ির চারদিকে সিসি ক্যামেরা আছে। কিন্তু পুরনো বাড়িতে কোনো সিসি ক্যামেরা ছিল না।
এ নিয়ে নেটিজেনরাও জানাচ্ছেন, যদি হামলা করার ইচ্ছে থাকতো কারো, তবে নুসরাতদের মূল বাড়িতেই হামলা হতো। গুদামে হামলা হতো না। এটা ইচ্ছেকৃতভাবে লাগানো হয়েছে বলে দাবি তাদের।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও আগুনে পুড়ে দু’টো ছাগল মারা গেছে বলে জানান ওসি।
তবে অন্য গবাদিপশুগুলো বের করে আনা সম্ভব হয়েছে। এছাড়া, বাড়িতে থাকা তত্ত্বাবধায়কও নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন।
২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক হিসেবে আলোচনায় আসেন নুসরাত তাবাসসুম। সেসময় কোটা সংস্কার আন্দোলনের আরো কয়েকজন সমন্বয়কের সাথে তাকেও ডিবি পুলিশ হেফাজতে নিয়ে কার্যালয়ে আটক করে রাখা হয়েছিল। পরে তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয় হন ও জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন।
চলতি বছর তিনি জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

























