স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :12 November 2026, 8:33 PM | নিউজটি পড়া হয়েছে : 0 বার
স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অধিকতর তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তুলে ধরে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, চারটি পেট্রোল বোমা মেরে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগানো হয়েছে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই বাড়িতে আগুন লেগেছে, নাকি লাগানো হয়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিজিবি, ফায়ার সার্ভিস, প্রশাসন ও পুলিশ যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে।

বিজিবির প্রাথমিক তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাস্থলে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি। বাড়ির দেয়ালে পেট্রোল বোমার আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। সাক্ষীদের কাছ থেকেও এ ধরনের কোনো তথ্য মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুন লাগানোর ঘটনায় পেট্রোল বোমা ব্যবহার করা হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছবি, অডিও, ভিডিওসহ বিভিন্ন আলামত পর্যালোচনায় দেখা গেছে, বাড়িটির বৈদ্যুতিক সংযোগ পুরনো ও দুর্বল ছিল। এ কারণে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। তবে এটি এখনো অনুমাননির্ভর। তদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটি টিনশেড আধা পাকা ঘরে আগুন লাগে। বাড়িটিতে কেউ বসবাস করেন না। সেখানে দুটি ছাগল ও অন্যান্য জিনিসপত্র ছিল। বাড়িটি থেকে প্রায় ২০ মিটার দূরে তাঁর বাবা-মা একটি তিনতলা বাড়িতে থাকেন।

সালাহউদ্দিন আহমদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

তিনি নিজেও সকালে পুলিশ সুপারের সঙ্গে কথা বলে তাঁকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। বিজিবির একটি দলও সেখানে তদন্ত করেছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর পার্শ্ববর্তী থানা থেকে গাড়ি পাঠিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। সেটির ভিত্তিতে পুলিশ তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

আরও পড়ুন