ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি
সাফ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের এই দাপুটে জয়ের রাতে নজর কেড়েছেন তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। তার চোখধাঁধানো একক প্রচেষ্টার গোলটি নিয়ে ম্যাচ শেষে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ টমাস ডুলি।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠে তিন ডিফেন্ডারকে কাটিয়ে দুরূহ কোণ থেকে দারুণ দক্ষতায় বল জালে জড়ান ফারহান। তার এই গোলটিকে ‘অবিশ্বাস্য’ এবং ‘সুন্দর’ বলে অভিহিত করেছেন কোচ ডুলি।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ডুলি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। সে যেভাবে তিন-চারজন খেলোয়াড়কে ড্রিবল করে বেরিয়ে গেল, তা সত্যিই অসাধারণ ছিল। শট নেওয়ার জায়গাটাও বেশ কঠিন ছিল এবং গোলটি ছিল অত্যন্ত সুন্দর।’
দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে কোচ আরও বলেন, ‘সব মিলিয়ে দারুণ একটি ম্যাচ হয়েছে। একবার ভাবুন তো, হামজার ব্যাক-হিল পাসটি যদি গোলে পরিণত হতো, তবে আজ আমরা কী অবিশ্বাস্য সব গোলই না পেতাম! রাকিবও দারুণ একটি গোল করেছে। প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্সে আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত।’
ডুলি জানান, বিরতির সময় ফারহানের সঙ্গে কথা বলেছিলেন তিনি। নিজেদের গোলপোস্টের কাছাকাছি ড্রিবলিং না করে প্রতিপক্ষের বক্সের ভেতরে ঢুকে আক্রমণে শক্তি কাজে লাগানোর পরামর্শ দিয়েছিলেন এই কিশোর ফুটবলারকে।
ডুলি বলেন, ‘বিরতিতে আমরা ফারহানকে বলেছিলাম, নিজেদের গোলপোস্টের সামনে না করে সে যেন বক্সের ভেতরে ড্রিবল করে। এটা ওর নিজের জন্যও ভালো। কারণ ওখানে বল হারালে বিপদ হতে পারে—কয়েকবার ফাউল হয়েছে এবং কয়েকবার আমরা সামলে নিয়েছি, তবুও কাজটা একটু কঠিন হয়ে যায়। তাই ওকে বলেছিলাম আক্রমণের ভাগেই নিজের শক্তিটা কাজে লাগাতে।’
শিষ্যের প্রশংসা করে তিনি যোগ করেন, ‘আর সে কী দারুণ একটি গোলই না করল! এটা অবিশ্বাস্য। সব মিলিয়ে আমরা যেভাবে অসাধারণ সব গোল করেছি, যেভাবে খেলেছি এবং লড়াই করেছি, তাতে আমি সত্যিই ভীষণ খুশি।’
ফারহানের গোল ছাড়াও এদিন বাংলাদেশের হয়ে জালের দেখা পেয়েছেন সমিত সোম, হামজা চৌধুরী ও রাকিব হোসেন। এই বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী শনিবার শেষ চারের লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
আন্তর্জাতিক ফুটবলে ১৯৯৯ সালের পর এই প্রথম কোনো ম্যাচে চার গোলের ব্যবধানে জয় পেল বাংলাদেশ। সেবার ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে একই ব্যবধানে হারিয়েছিল তারা।
তবে স্মরণীয় এই জয়ের রাতে বাংলাদেশের জন্য একটি দুঃসংবাদও রয়েছে। ডিফেন্ডার সাদ উদ্দিনের চোট নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন কোচ ডুলি। ম্যাচের ৭৬তম মিনিটে গোড়ালিতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় সাদকে।
এ প্রসঙ্গে ডুলি বলেন, ‘খারাপ দিক হলো সাদ চোট পেয়েছে এবং সম্ভবত টুর্নামেন্টে সে আর খেলতে পারবে না।’























