মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :4 November 2026, 6:30 AM | নিউজটি পড়া হয়েছে : 2 বার
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করা হবে। মঙ্গলবার আইসিজে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছে। আদালত জানিয়েছে, ১৯ নভেম্বর গ্রিনিচ মান সময় সকাল ৮টায় বিচারকেরা রায় পড়া শুরু করবেন।

বিজ্ঞাপন

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিল। গাম্বিয়ার অভিযোগ ছিল, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর পরিচালিত অভিযান গণহত্যার শামিল। ওই অভিযানের মুখে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।

রোহিঙ্গা শরণার্থীরা ওই সময় হত্যা, ব্যাপক ধর্ষণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার বর্ণনা দিয়েছেন। জাতিসংঘের অনুসন্ধান কমিশনও জানিয়েছে, ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হয়েছিল। তবে মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সন্ত্রাসীদের দমনে তারা বৈধভাবে ওই অভিযান পরিচালনা করেছিল।

আন্তর্জাতিক আদালতের ইতিহাসে গণহত্যার অভিযোগে করা মামলায় এটি হবে তৃতীয় রায়। এই রায়ের প্রভাব ভবিষ্যতে গণহত্যার অভিযোগে করা অন্যান্য মামলার ওপরও পড়তে পারে, যার মধ্যে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার করা গাজায় গণহত্যার মামলাটিও অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েল অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে।

সংবাদটি শেয়ার করুন