চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল, কমবে ৩২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :1 November 2026, 8:40 PM | নিউজটি পড়া হয়েছে : 4 বার
চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল, কমবে ৩২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ

কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মধ্যে একটি আগামী ৪ নভেম্বর থেকে টানা চার দিন বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ সময় জাতীয় গ্রিডে এলএনজি থেকে গ্যাস সরবরাহ দৈনিক ৩২ কোটি ঘনফুট কমে যাবে। এতে সারা দেশে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

রোববার বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এ তথ্য জানিয়েছে। সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, মহেশখালীর দুটি ভাসমান টার্মিনালের সম্মিলিত গ্যাস রূপান্তর সক্ষমতা দৈনিক ১০৫ কোটি ঘনফুট। বর্তমানে দুটি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে ৯২ কোটি ঘনফুট গ্যাস। সামিটের টার্মিনাল বন্ধ থাকায় এ সরবরাহ কমে ৬০ কোটি ঘনফুটে নেমে আসবে।

দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। এর বিপরীতে সরবরাহ করা হচ্ছে ২৫২ কোটি ঘনফুট। এর মধ্যে দেশীয় ক্ষেত্র থেকে আসছে ১৬০ কোটি ঘনফুট, আর বাকিটা এলএনজি থেকে। ফলে টার্মিনালটির সরবরাহ বন্ধ থাকলে বিদ্যুৎ, শিল্প ও আবাসিক খাতে গ্যাসের সংকট আরও তীব্র হতে পারে।

সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বরে একই টার্মিনালে রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে সরবরাহ বন্ধ রাখা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন