ই-রিকশা’ নিবন্ধন শুরু ১৩ সিটি কর্পোরেশনে: গুণতে হবে রিকশাপ্রতি ৮-১০ হাজার টাকা

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :1 November 2026, 8:51 PM | নিউজটি পড়া হয়েছে : 7 বার
ই-রিকশা’ নিবন্ধন শুরু ১৩ সিটি কর্পোরেশনে: গুণতে হবে রিকশাপ্রতি ৮-১০ হাজার টাকা

দেশের ১৩টি সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশাকে নিয়ন্ত্রণে আনতে সোমবার থেকে ‘ই-রিকশা’ নিবন্ধন শুরু হচ্ছে। তবে বর্তমানে রাস্তায় চলা রিকশাগুলো এখনই বন্ধ করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

১লা নভেম্বর, রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় সরকারের নতুন নীতিমালার কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সিটি কর্পোরেশন এলাকায় স্বল্পগতির ই-রিকশা চলাচলের জন্য সরকার নির্দিষ্ট বিধিমালা তৈরি করেছে। এই নিয়মে একজন ব্যক্তি নিজের একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে এক বা একাধিক সিটি কর্পোরেশন এলাকা মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করতে পারবেন। ধাপে ধাপে সব এলাকায় নিবন্ধনের সুযোগ চালু হবে।

অনুমোদন পাওয়া প্রতিটি ই-রিকশায় স্পিডোমিটার থাকা বাধ্যতামূলক। এসব যান ঘণ্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার গতিতে চলতে পারবে। নিবন্ধন না থাকলে সিটি কর্পোরেশনের সড়কে ই-রিকশা চালানো যাবে না বলে স্পষ্ট করেছেন প্রতিমন্ত্রী।

বর্তমানে রাস্তায় চলা রিকশার মালিক ও চালকদের আশ্বস্ত করে মীর শাহে আলম বলেন, প্রচলিত রিকশা এখনই বন্ধ করা হচ্ছে না। সেগুলো বৈধ হোক বা অবৈধ, আপাতত চলবে। তাই চালক ও মালিকদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

চার্জ দেওয়ার নিয়মে অবশ্য কড়াকড়ি থাকছে। প্রতিমন্ত্রীর ভাষ্য, ই-রিকশার ব্যাটারি নির্ধারিত অনুমোদিত চার্জিং স্টেশনেই চার্জ করতে হবে। চোরাই সংযোগ বা অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশের ক্ষতি ঠেকাতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া যত্রতত্র ব্যাটারি ভাঙা বা পুনর্ব্যবহার করাও নিষিদ্ধ থাকবে।

নিবন্ধন ও বার্ষিক নবায়নের ফি-ও নির্ধারণ করেছে সরকার। দুই আসনের ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার টাকা, আর প্রতি বছর নবায়নে লাগবে ৪ হাজার টাকা। চার আসনের ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা।

শহরের যানজট ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ই-রিকশার জন্য এলাকাভিত্তিক জোন, নির্দিষ্ট রুট এবং আলাদা রঙের ব্যবস্থা শিগগিরই চূড়ান্ত করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন